ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি, নিহত ৩

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় তিন হামলাকারী নিহত হয়েছেন। এ সময় অন্তত দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলির শব্দ চলাকালীন এক পুলিশ সদস্য অস্ত্র হাতে নিরাপদ আশ্রয়ে নিচ্ছেন এবং একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। আল জাজিরার সাংবাদিক সিনেম কোসেওগলু জানিয়েছেন, এই হামলায় তিনজন জড়িত ছিল, যাদের তুর্কি পুলিশ তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তিনি তার সহকর্মীর সঙ্গে ভবনের সামনে দাঁড়িয়েছিলেন। এমন সময় একটি গাড়িতে করে তিনজন ব্যক্তি এসে হঠাৎ গুলি চালানোর চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায়। কনস্যুলেট ভবনটি একটি ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত, যেখানে হাজার হাজার মানুষ কাজ করেন। ইসরায়েলি কনস্যুলেটটি ওই এলাকার একটি বহুতল ভবনের সপ্তম তলায় অবস্থিত।

বর্তমানে ইস্তাম্বুলের এই কনস্যুলেট বা রাজধানী আঙ্কারার দূতাবাসে কোনো ইসরায়েলি কূটনীতিক কর্মরত নেই। ফলে এসব কূটনৈতিক মিশনে মূলত স্থানীয় কর্মীরাই দায়িত্ব পালন করছেন। হামলাকারীদের পরিচয় বা এই হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন