সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতির নতুন বার্তা

সাকিবের দলে ফেরা নিয়ে বিসিবি সভাপতির নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা এখনো কাটেনি। পাকিস্তান সিরিজে তাকে দেখা না গেলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তার খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আজ মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

পূর্বাচলে ক্রিকেট ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, সাকিবের দলে ফেরার বিষয়টি মূলত তার দেশে ফেরা এবং নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, “সাকিব যদি বাংলাদেশে আসে এবং আমাদের নির্বাচকরা যদি মনে করেন তিনি খেলার জন্য প্রস্তুত, তবে অবশ্যই খেলবেন। তবে তার দেশে ফেরার ক্ষেত্রে কিছু আইনি ও প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, যা ক্রিকেট বোর্ডের এক্তিয়ারে নেই।”

এদিকে এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসানও। রাজনীতি ও ক্রিকেট প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় তিনি আপাতত মাঠের খেলাতেই পূর্ণ মনোযোগ দিতে চান। সাকিব বলেন, “রাজনীতি করার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু ক্রিকেটের সময় খুবই সীমিত। তাই এখন ক্রিকেটটাই চালিয়ে যেতে চাই। দলীয় কার্যক্রম আবার শুরু হলে তখন রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে।”

সাকিব আরও উল্লেখ করেন, রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার ইচ্ছা তার এখনও রয়েছে, তবে এই মুহূর্তে ব্যাটে-বলের লড়াইকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন। নিউজিল্যান্ড সিরিজে সাকিবের অংশগ্রহণ শেষ পর্যন্ত ঝুলে আছে তার দেশে ফেরার সবুজ সংকেত ও বোর্ডের আইনি প্রক্রিয়ার ওপর।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন