২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এই হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের করা এসব মামলার পর্যালোচনা ও প্রত্যাহারের জন্য ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে একটি কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

কমিটিগুলো রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন আহ্বান করে। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভার মাধ্যমে যাচাই-বাছাই শেষে ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই কার্যক্রম এখনও চলমান রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন