রমজানে টিসিবির বিশেষ বিক্রিতে ট্রাক সেলে বেশি দাম

রমজানে টিসিবির বিশেষ বিক্রিতে ট্রাক সেলে বেশি দাম

রমজান উপলক্ষে বিশেষ বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি প্রতিদিন আরও ১ লাখ ৮০ হাজার মানুষ বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পারবেন। তবে ট্রাক থেকে পণ্য কিনতে কার্ডধারীদের তুলনায় প্রতি প্যাকেজে ৬০ টাকা বেশি দিতে হবে।

নির্বাচনের পর রমজানের বেচাকেনায় ধীরে ধীরে সরগরম হচ্ছে রাজধানীর বাজার। এবার পণ্যমূল্য বাড়ার প্রবণতা না থাকায় ক্রেতা-বিক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন এবং বাজার তুলনামূলক স্থিতিশীল বলছেন।

রমজান উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৭৫ লাখ সুবিধাভোগীর পাশাপাশি সারাদেশে সাড়ে ৪শ’ ট্রাকে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। সংস্থাটির উপ-পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন প্রায় ৪৫০টি ট্রাকের প্রতিটিতে ৪০০ জন করে পণ্য বিক্রি করা হবে। ট্রাক সেলে ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও চিনি ৮০ টাকায় বিক্রি হবে। নিয়মিত স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির দাম আগের মতোই বহাল থাকবে।

মূল্য তালিকা অনুযায়ী, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল পাবেন ২০০ টাকায়। ট্রাক সেল থেকে কিনলে একই পরিমাণ তেলের জন্য ২৩০ টাকা দিতে হবে। চিনি ও ডালেও কেজিপ্রতি ১০ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, একই শ্রেণির মানুষের জন্য দুই ধরনের দাম বৈষম্য তৈরি করবে, যা কাম্য নয়। প্রতি ট্রাকে ৪০০ জন করে দৈনিক সাড়ে ৪শ’ ট্রাক থেকে ১ লাখ ৮০ হাজার মানুষ পণ্য কিনতে পারবেন। ২০ দিন ধরে চলা এই কার্যক্রমে মোট সুবিধা পাবেন ৩৬ লাখ জন। ডাল, চিনি ও তেলের বাড়তি মূল্যে প্রতি প্যাকেজে তাদের ৬০ টাকা বেশি দিতে হবে।

টিসিবি জানায়, ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি বাবদ ২০ দিনে সরকারের ব্যয় ২১ কোটি ৬০ লাখ টাকা কমানোর পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদরা বলেন, বাড়তি ব্যয়ের বোঝা নিম্নবিত্তের ওপর চাপালে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। সরকার যে ভালো উদ্দেশ্যে ট্রাক সেল ও ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করেছে, দুই রকম দাম নির্ধারণ করলে তার বদনাম হতে পারে। তাই উভয় প্রক্রিয়ায় একই দাম নির্ধারণ করা উচিত।

এদিকে বছরব্যাপী ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন