নওগাঁয় অনলাইন জুয়ার ‘বিগ এজেন্ট’ গ্রেফতার, সাইবার আইনে মামলা

নওগাঁয় অনলাইন জুয়ার ‘বিগ এজেন্ট’ গ্রেফতার, সাইবার আইনে মামলা

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার এক বৃহৎ এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় পরিচালিত এক অভিযানে সোমবার (২ মার্চ) রাতে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানাধীন কানার মোড় এলাকায় মুসফিকুর রহমান মৌসুম (৩০) নামের এক ব্যক্তি তাঁর মুদি দোকানে বসে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। তিনি স্থানীয় তরুণ ও কিশোরদের জুয়ায় উৎসাহিত করতেন এবং তাঁদের মোবাইলে অ্যাকাউন্ট খুলে দিতেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি বিশেষ টিম সোমবার রাত ৯টায় কানার মোড়ে অভিযান চালায়।

অভিযানকালে আসামি মুসফিকুর রহমানকে তাঁর দোকানে বসে সরাসরি অনলাইনে জুয়া খেলা ও লেনদেন করা অবস্থায় পাওয়া যায়। তাঁর মোবাইল ফোনে একাধিক অনলাইন জুয়ার অ্যাপস এবং আর্থিক লেনদেনের অকাট্য প্রমাণ মিলেছে।

গ্রেফতারকৃত মুসফিকুর রহমান মান্দার মৈনম ফকির পাড়ার মৃত জিল্লুর রহমানের ছেলে। তিনি মান্দার একটি স্থানীয় কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। এই পদের সুযোগ নিয়ে তিনি সহজেই শিক্ষার্থীদের অনলাইন জুয়ায় আকৃষ্ট করতে পারতেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মান্দা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইন জুয়া বন্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের এজেন্টদের বিরুদ্ধে আরও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

এ/সকালবেলা

মন্তব্য করুন