ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পুলিশের এক বিশেষ অভিযানে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘শুটার মোবারক’ (২৫) গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শিবপুর মডেল থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার একটি চৌকস দল উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গভীর রাতে পরিচালিত এই অভিযানে তার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মোবারক ওই গ্রামের বরুজ মিয়ার ছেলে।
পুলিশি রেকর্ড অনুযায়ী, মোবারক এলাকার একজন চিহ্নিত ও দুর্ধর্ষ অপরাধী। মোবারক শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তার বিরুদ্ধে হত্যা ও মাদক সংক্রান্তসহ মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় সে ‘শুটার মোবারক’ নামে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
শিবপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সাথে এই অভিযান চালানো হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
শীর্ষ এই সন্ত্রাসীর গ্রেফতারে এলাকার সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ