আ: লীগ আমলের চেয়েও খারাপ ভোট হয়েছে: পরওয়ার

আ: লীগ আমলের চেয়েও খারাপ ভোট হয়েছে: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বিগত আওয়ামী লীগ আমলের চেয়েও বেশি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে নজিরবিহীন কারচুপি, জাল ভোট প্রদান এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমরা এই প্রহসনের নির্বাচন ঘৃণাভরে বর্জন করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই দুই আসনে অবিলম্বে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।"

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, "বগুড়া ও শেরপুরের পরিস্থিতি আবারও স্পষ্ট করে দিল যে, বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ নির্বাচন হচ্ছে।"

গণভোটের ফলাফল নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে জামায়াত নেতা বলেন, "দেশের ৫ কোটি মানুষ 'হ্যাঁ' এর পক্ষে রায় দিয়ে আপনাদের নোট অব ডিসেন্ট বা আপত্তি বাতিল করে দিয়েছে। গণভোটের ব্যালটে আপত্তির কোনো সুযোগ ছিল না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থন জানিয়েছে।"

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, "বিগত চার মাস কেন আপনারা নীরব ছিলেন? নির্বাচনী কারসাজি করে ক্ষমতায় বসার পর এখন গণভোট বাতিলের চেষ্টা করছেন—এটি কি রাজনৈতিক ভণ্ডামি নয়? যদি সাহস থাকে তবে জাতির সামনে সরাসরি বলুন যে আপনারা 'না' ভোটের পক্ষে।"

সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা উপনির্বাচনের ফলাফল বাতিল ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন