পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আব্রাহাম (৭) ও আদনান (১০) সম্পর্কে আপন দুই ভাই।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু দুটি তাদের ভাড়া বাসার আঙিনায় ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের মাহবুব খাঁনের পুকুরে পড়ে যায়। ফুটবলটি উদ্ধার করতে দুই ভাই পানিতে নামলে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশুর বাবা জিয়াউর রহমান কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ চার বছর ধরে সোনারগাঁওয়ের বিসিক ইপিজেডে চাকরির সুবাদে কাঁচপুর রায়েরটেক এলাকায় মোগল খানের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। মৃত দুই ভাই স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র ছিল।

এদিকে আপন দুই সন্তানের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মায়ের বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। হাজার হাজার মানুষ ভিড় জমান ওই বাড়িতে। এলাকাবাসীর মাঝে বিরাজ করছে শোকাতুর পরিবেশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন