আলীকদমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

আলীকদমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মো. ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে থোওয়াই অং ম্রো (১০) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আলীকদম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত থোওয়াই অং ম্রো কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং ওই ইউনিয়নের রেম্পা কারবারি পাড়ার থংওয়াই ম্রোর ছেলে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হোস্টেলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে থোওয়াই অং। শিক্ষকরা প্রথমে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বেলা ১২টার দিকে তাকে আলীকদম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে শিশুটির গলায় তেঁতুলের বিচি আটকে শ্বাসনালীতে সমস্যা হয়েছিল। তখন চিকিৎসার পর সুস্থ হয়ে সে হোস্টেলে ফিরে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শামা জানান, "হাসপাতালে আনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছিল। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার আগেই সে মারা যায়।"

নিহতের মরদেহ কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আলীকদম সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত কুরুকপাতা ইউনিয়নে কোনো সরকারি ক্লিনিক বা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নেই। এই ছাত্রের অকাল মৃত্যু দুর্গম পাহাড়ি এলাকার নাজুক স্বাস্থ্যসেবার বিষয়টি আবারও সামনে এনেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন