ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: সৌদি আরবে ফুড ডেলিভারি দিতে বেরিয়ে গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশী যুবক মাহামুদুর হাসান নিংকন (২৬)।
গত ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের দাম্মাম শহরের কাতিফ এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ যুবকের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামে। তিনি ওই গ্রামের স্কুল শিক্ষক আশরাফুল ইসলামের বড় ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, নিংকন বিগত চার বছর ধরে সৌদি আরবে কর্মরত। দীর্ঘদিন একটি ফুড ডেলিভারি কোম্পানিতে রাইডার হিসেবে কাজ করার পর গত এক বছর ধরে তিনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেই ডেলিভারির কাজ করছিলেন। গত দুই মাস ধরে তিনি দাম্মাম শহরের কাতিফ এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার দিন গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ফুড ডেলিভারি দিতে বেরিয়ে তিনি আর বাসায় ফেরেননি। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
নিংকনের নিখোঁজের পর থেকে তার পরিবারে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। ছেলের কোনো খোঁজ না পেয়ে মা নাজমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে এখন কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমার ছেলেকে খুঁজে পেতে আমি সরকার ও সৌদি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।”
ছেলের সন্ধান চেয়ে গত বৃহস্পতিবার (৫ মার্চ) নিংকনের মা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। দ্রুত নিংকনের সন্ধান পেতে সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতা কামনা করেছে পরিবারটি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ