বিশ্বের ১ম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা ফিলিপাইনের

বিশ্বের ১ম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা ফিলিপাইনের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় দেশটি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক নির্বাহী আদেশের মাধ্যমে এই জরুরি অবস্থা ঘোষণা করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিলিপাইন তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় ৯৮ শতাংশই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করে। যুদ্ধের কারণে এই সরবরাহ রুটটি এখন চরম ঝুঁকির মুখে।

যুদ্ধ শুরুর পর গত তিন সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 ফিলিপাইনের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী দেশটির হাতে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।

প্রেসিডেন্টের এই আদেশের ফলে ফিলিপাইন সরকার জ্বালানি স্থিতিশীলতা ও অর্থনীতি রক্ষায় বিশেষ আইনি ক্ষমতা লাভ করেছে। গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে: ১. নিত্যপণ্যের তদারকি: জ্বালানি তেল, খাদ্য ও ওষুধের সুশৃঙ্খল বণ্টন নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ২. সরাসরি ক্রয়: মজুত বাড়াতে সরকার এখন থেকে সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতা পাবে। ৩. কার্যকারিতা: এই আদেশ আপাতত এক বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট এটি পরিবর্তন বা প্রত্যাহার করতে পারবেন।

বিশ্লেষকরা মনে করছেন, ফিলিপাইনের এই ঘোষণা বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের ভয়াবহ প্রভাবের একটি বড় সতর্কবার্তা। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে আরও অনেক দেশ একই পথে হাঁটতে পারে।

সূত্র: আল জাজিরা।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন