৫ দিনের রিমান্ডে ১/১১-এর কুশীলব মাসুদ চৌধুরী

৫ দিনের রিমান্ডে ১/১১-এর কুশীলব মাসুদ চৌধুরী

সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে। (ফাইল ছবি)

মানব পাচার মামলায় গ্রেফতারকৃত সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই আদেশ প্রদান করেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মানব পাচারসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে জয়ী হন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পদ লাভ করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের আলোচিত ১/১১-এর সময় তিনি অন্যতম প্রভাবশালী সামরিক কর্মকর্তা এবং তৎকালীন সেনাপ্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন