লক্ষ্মীপুরে বিলে ডুবে মাদরাসাছাত্রের করুণ মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মহসিন হোসেন (১০) নামের এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন ওই এলাকার উজির আলী হাজী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় কালুপুর মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মহসিন সহপাঠীদের সঙ্গে খেলাধুলা শেষে পাশের একটি বিলে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে বিলের পানির নিচে থাকা একটি গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়। সহপাঠীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করলে কিছু সময় পর তার নিথর দেহ পানিতে ভেসে ওঠে। পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী মর্মান্তিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্য পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা
|