মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু
বিশেষ প্রতিবেদক, মাগুরা: মাগুরা শহরের স্টেডিয়াম গেট এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক তরুণ মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম মাগুরা সদর উপজেলার বড়শোলই গ্রামের শুকুর সরদারের ছেলে। তিনি নান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইব্রাহিম তাবলিগ জামাতের সদস্য হিসেবে শহরের স্টেডিয়াম গেট আদর্শপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে অবস্থান করছিলেন। রাতে প্রচণ্ড গরম এবং বিদ্যুৎ না থাকায় একটু স্বস্তি পেতে তিনি মসজিদের ছাদে উঠে পায়চারি করছিলেন। এ সময় ছাদের একদম কাছ দিয়ে চলে যাওয়া মূল বিদ্যুৎ সরবরাহ সচল হলে তিনি অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হন।
ঘটনার পরপরই সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে তাৎক্ষণিক উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়। লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে এবং হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা
|