মণিরামপুরে বালুর ট্রাক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
মণিরামপুরে বালুর ট্রাক দুর্ঘটনায় নিহত ১

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর সরকারি কলেজ সংলগ্ন এলাকায় সড়কের ওপর সারিবদ্ধভাবে রাখা বালুভর্তি ট্রাকের কারণে চার ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। এতে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন এবং অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে যাত্রীবাহী বাসের অর্ধশত যাত্রীর।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে প্রথম দুর্ঘটনাটি ঘটে। সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘মামুন এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস মণিরামপুর কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যানকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে বালুর ট্রাক দাঁড়িয়ে থাকায় পর্যাপ্ত জায়গা না পেয়ে বাসটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। চালকের তাৎক্ষণিক বিচক্ষণতায় বাসে থাকা ৫২ জন যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

এ ঘটনার মাত্র চার ঘণ্টা পর, রাত আনুমানিক ১টার দিকে একই স্থানে ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। যশোর থেকে আসা একটি মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া হেলপার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, কুষ্টিয়া থেকে আসা বালুভর্তি ট্রাকগুলো প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন বিক্রি না হওয়া পর্যন্ত মহাসড়কের ৬ থেকে ৮ ফুট জায়গা দখল করে দাঁড়িয়ে থাকে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহল ও শ্রমিক নেতাদের ইন্দনে দীর্ঘদিন ধরে এই অবৈধ বালুর হাট চলছে। এই একই স্পটে গত এক বছরে ২৫ থেকে ৩০টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

দুঘটনাস্থল পরিদর্শনকারী মণিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) উবাইদুল ইসলাম জানান, মহাসড়কে সারিবদ্ধ ট্রাক রেখে এভাবে রাস্তা দখল করা চরম ঝুঁকিপূর্ণ। যে কোনো মূল্যে এই মৃত্যুর মিছিল বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেনের দাবি, নির্দিষ্ট টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে ট্রাকগুলো রাস্তায় রাখা হয়। অন্যদিকে, বিষয়টি নিয়ে জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন প্রতিবারের মতোই দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন