ফেনীতে বাড়ছে গ্যাস সরবরাহ, জনমনে স্বস্তি

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ
ফেনীতে বাড়ছে গ্যাস সরবরাহ, জনমনে স্বস্তি

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: টানা ছয় দিনের তীব্র সংকটের অবসান ঘটিয়ে ফেনীতে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বাখরাবাদ লাইনের গ্যাস সরবরাহ। এতে গ্রাহক ও যানবাহনের চালকদের মনে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে ফেনী অঞ্চলের গ্যাস সরবরাহ কেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংযোগ পুনরায় সচল হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) জানায়, সঞ্চালন লাইন (জিটিসিএল) চালু হওয়ার পর জেলার ১৪টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ১০টিতে রাত থেকেই নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু করা গেছে।

বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের তথ্যমতে, ফেনী অঞ্চলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে ২৩ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে সরবরাহ ১০০ ভাগে উন্নীত করে প্রত্যন্ত উপজেলাগুলোর বাসাবাড়ি ও স্টেশনের সংকট নিরসন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মহিপাল এলাকার ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, পাম্পগুলোতে আগের মতো দীর্ঘ যানজট বা সিলিন্ডার রিফিলের উপচে পড়া ভিড় নেই। গ্যাসের চাপ (প্রেসার) ভালো থাকায় স্বাচ্ছন্দ্যে পূর্ণমাত্রায় গ্যাস নিতে পারছেন অটোরিকশা ও দূরপাল্লার ড্রাইভারেরা। চালক আব্দুল করিম ও মো. হাছান জানান, বিগত কয়েক দিন তীব্র সংকটে আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হলেও চাপ ভালো থাকায় দ্রুত গ্যাস নিয়ে ট্রিপে যেতে পারছেন তাঁরা।

বিজিডিসিএল ফেনীর ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান জানান, গ্যাস সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং খুব দ্রুতই জেলার সব প্রান্তের সংকট কেটে যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন