ব্রহ্মপুত্রে নিখোঁজের পর কৃষকের লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
ব্রহ্মপুত্রে নিখোঁজের পর কৃষকের লাশ উদ্ধার

মোঃ জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার তিন দিন পর কৃষক সাইফুল ইসলামের (৫৫) লাশ উদ্ধার করেছেন তাঁর স্বজনেরা।

শুক্রবার (৭ আগস্ট) সকালে গফরগাঁও ব্রিজ সংলগ্ন হোসেনপুর এলাকায় নদীর ভাটিতে একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। নিহত সাইফুল উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

গত ৫ আগস্ট (বুধবার) দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় একটি নৌকার ভেসে যাওয়া পাটাতন উদ্ধার করতে গিয়ে ব্রহ্মপুত্রের স্রোতে তলিয়ে যান সাইফুল। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের দলনেতা জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের ডুবুরি দল বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করলেও স্বজনেরা শুক্রবার সকালে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, নদীর প্রবল তোড়ে লাশটি অনেকটা ভাটির দিকে ভেসে গিয়েছিল। ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী স্বজনেরা ট্রলার নিয়ে ভাটি অঞ্চলে অনুসন্ধান চালিয়ে লাশটি উদ্ধার করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন