বনানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
বনানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে তিনজনের নাম নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন— ১. মোঃ আরিফ (১৯), ২. মোঃ শাকিল আহমেদ (১৯) এবং ৩. আশিক আহমেদ মোস্তফা (১৯)। তাঁদের সাথে আইনের সংঘাতে জড়িত ৪ জন কিশোরকেও আটক করা হয়েছে।

বনানী থানা সূত্রে জানা যায়, গভীর রাতে সৈনিক ক্লাব এলাকা থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল হাতে নাশকতামূলক মিছিল করার জন্য জড়ো হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং ৭ জনকে হাতেনাতে আটক করে।

এ সময় ঘটনাস্থল থেকে মিছিলের জন্য সংগৃহীত ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি মাস্ক উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃত ৭ জনসহ ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন