নিষিদ্ধ ‘সর্বহারা’ পরিচয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
নিষিদ্ধ ‘সর্বহারা’ পরিচয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচজন শিক্ষককে নিষিদ্ধ ‘সর্বহারা’ পার্টির পরিচয় দিয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগে নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে।

হুমকি পাওয়া শিক্ষকরা হলেন— নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন ও অধ্যাপক কৌশিক সরকার, ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

ঘটনার বিবরণীতে জানা যায়, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেনকে দুবার ফোন করে জেলে থাকা সর্বহারা কর্মীদের জামিনের খরচের কথা বলে চাঁদা দাবি করা হয়। কলদাতা নিজেকে ‘সিরাজ শিকদারের ছোট ভাই’ পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার হুমকি দেখায়। পরবর্তীতে প্রযুক্তিগত সহায়তায় জানা যায়, কলটি মাদারীপুর জেলা থেকে করা হয়েছিল এবং ব্যবহৃত সিমটি ‘মুফতি রেজাউল করিম’ নামের এক ব্যক্তির এনআইডিতে নিবন্ধিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানান, এমন প্রতারণামূলক কল প্রায়শই শিক্ষকদের কাছে আসছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন জানান, শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে জিডি নথিভুক্ত করা হয়েছে। এ অপরাধে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তায় পুলিশি তদন্ত চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন