বিএফআইইউর নির্দেশে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
বিএফআইইউর নির্দেশে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বিশেষ প্রতিনিধি: আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে। বিএফআইইউর নির্দেশনার বিষয়টি একাধিক ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।

চিঠিতে চিঠি পাওয়ার পরবর্তী আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের নামে পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণী, হিসাব খোলার ফরম, নো ইউর কাস্টমার (কেওয়াইসি) নথি ও সার্বিক লেনদেন বিবরণীসহ বিস্তারিত তথ্য প্রস্তুত করে বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার ইসিবি চত্বর এলাকায় অবস্থিত সালমান মুক্তাদিরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার চার দিনের মাথায় তাঁর ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা সংস্থাটি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন