মণিরামপুরে বাস পুকুরে পড়ে আহত অনেক
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিদ্যুতের খুঁটি ভেঙে পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বাসের হেলপার ও চালকসহ কয়েকজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মণিরামপুর উপজেলার ক্ষইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোরে যাত্রীবাহী বাসটি যশোরের দিকে যাচ্ছিল। ক্ষইতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোড়ে ধাক্কা দেয়। এতে খুঁটি ভেঙে বাসটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করেন।
আহতদের দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের হেলপারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কয়েকজন সাধারণ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর বাসের চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং বাসের চালকের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
এআইএল/সকালবেলা