নোবিপ্রবির বাসচালককে মারধর, গ্রেপ্তার ২

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ
নোবিপ্রবির বাসচালককে মারধর, গ্রেপ্তার ২

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) 'গোমতী' বাসের চালককে মারধর এবং বাসের লুকিং গ্লাস ভাঙচুরের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। এতে বাসচালক দিলীপ রবি দাস আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের শিডিউল অনুযায়ী নোবিপ্রবি ক্যাম্পাস থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় বাসটি ঘোরানোর সময় কবিরহাটের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এ নিয়ে কথা বলতে গেলে মোটরসাইকেল আরোহী দুই যুবক চালক দিলীপ রবি দাস ও হেলপারকে মারধর করেন এবং বাসের লুকিং গ্লাস ভেঙে ফেলেন।

পরবর্তীতে আহত বাসচালক বাদী হয়ে সুধারাম মডেল থানায় অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান জানান, চালক ও হেলপারের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন