গাজী নজরুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর স্বজনদের আপস

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
গাজী নজরুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর স্বজনদের আপস

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের (১৯) আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস-মীমাংসা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আসামিদের জামিন শুনানিকালে আদালতকে এ তথ্য জানানো হয়।

শুনানিতে বাদী ও নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ জানান, সার্বিক বিষয় বিবেচনায় এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর হলে তাঁর কোনো আপত্তি নেই।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের একটি ফ্ল্যাটের ভেতর থেকে সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং রুমের ভেতর থেকে কিছু চিরকুট উদ্ধার করা হয়।

উক্ত ঘটনার পরদিন নিহতের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরপরই সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন