সুন্দরবনে ২১ জেলে অপহৃত, আতঙ্কে উপকূল
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিনেও সন্ধান মেলেনি। তাঁরা কোথায় বা কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়ায় পরিবার ও মহাজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে বনে মাছ ধরতে যাওয়া অন্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যেও দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অপহৃত জেলেদের উদ্ধারে ড্রোন উড়িয়ে ও নৌপথে চিরুনি অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। জেলেদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করেছে বন বিভাগও।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কোস্ট গার্ড। ড্রোন ও নৌ টহলের মাধ্যমে অপহৃতদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।
কোস্ট গার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্র ও শনিবার রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমড়বাড়িয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকায় তিনটি দস্যুদল ২১ জেলেকে অপহরণ করে। এ সময় একটি মাছ ধরার ট্রলার, পাঁচটি মোবাইল ফোনসহ মালামাল লুট করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১৫ জন এবং শুক্রবার পৃথক ঘটনায় ৬ জেলেকে অপহরণ করা হয়।
দুবলা টহল ফাঁড়ির ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, অপহৃতদের মধ্যে খুলনা এলাকার আরিফ, সগীর, মিঠু, ফেরদাউসসহ ১০ জেলের পরিচয় পাওয়া গেছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, দস্যুদের দমনে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ তৎপরতা চলছে। জেলেদের দলবদ্ধভাবে এবং বন কার্যালয়ের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা