উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ শয্যায় উন্নীত করা হবে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ শয্যায় উন্নীত করা হবে: ফেনীতে প্রধানমন্ত্রী

এম. জহিরুল হক মিলন, ফেনী: দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রামীণ জনগণকে সুচিকিৎসার জন্য যেন শহরে ছুটতে না হয়, সে লক্ষ্যেই হাসপাতালগুলোকে আধুনিক চিকিৎসাসেবায় স্বয়ংসম্পূর্ণ করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয় সংসদ সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, শুধু পরশুরাম নয়, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। এর আগে তিনি প্রকল্পের ফলক উন্মোচন, নদী খনন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

বক্তব্যে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে। গত ১৭ বছরের নিপীড়ন ও থমকে যাওয়া অর্থনীতি কাটিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং নদী-খাল খননসহ সরকারের নানা জনকল্যাণমূলক উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুসহ শীর্ষ নেতারা বক্তব্য দেন। পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীর কর্মসূচির উদ্দেশ্যে রওনা হন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন