ভাষা শহীদদের স্মরণে গোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের স্মরণে গোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)। শনিবার রাত ১২টা ৬ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটি ভাষা শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করে।

এ সময় গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণে আরও অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিক সমিতির সভাপতি রাসেল হোসেন বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু একটি ঐতিহাসিক দিন নয়; এটি বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। বর্তমানে আধুনিকতার যুগে আমরা মাতৃভাষার প্রতি অনেক ক্ষেত্রে উদাসীন হয়ে পড়ছি। রক্তমাখা ইতিহাসের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও আমাদের কর্তব্য। আসুন, শুধু ফেব্রুয়ারিতে নয় বরং বছরের প্রতিটি দিন বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার শপথ নেই।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খান তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদরা আমাদের শিখিয়েছেন শিকড় রক্ষার গুরুত্ব। আমরা বৈষম্যহীনভাবে আমাদের মহান অর্জনকে রক্ষা করবো। বিদেশি ভাষার ভিড়ে যেন বাংলা ভাষা হারিয়ে না যায়—সে বিষয়ে আমাদের সকলকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন