মাওলানা সাদের ব্যাপারে আপত্তির কারণ জানালেন দেওবন্দের শিক্ষক

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
মাওলানা সাদের ব্যাপারে আপত্তির কারণ জানালেন দেওবন্দের শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: তাবলিগি জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কিছু বক্তব্যকে আকিদা ও দ্বীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি হিসেবে উল্লেখ করেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস হজরত মাওলানা সালমান বজুনুরি নকশবন্দি। তিনি বলেছেন, মাওলানা সাদের এসব বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের সমালোচনার পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ নেই।

সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে এসব বিষয় তুলে ধরেন বলে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। বক্তব্যে তাবলিগ জামাতের চলমান সংকট, মাওলানা সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি এবং এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মাওলানা সালমান বজুনুরি বলেন, দ্বীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দ্বীনের নামে ভুল বিষয় প্রচারের প্রতিবাদ করা এবং দ্বীনের ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই এ দায়িত্ব পালন করে আসছে। কোরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে বিভিন্ন যুগে বিভ্রান্তিকর চিন্তাধারার প্রতিবাদ করাই উলামায়ে দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

মাওলানা সাদের বিষয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, এ সমালোচনার পেছনে তাঁর প্রতি কোনো হিংসা বা শত্রুতা নেই। অর্থনৈতিক সম্পদ কিংবা তাবলিগি জামাতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও এর সঙ্গে জড়িত নয়। বরং মাওলানা সাদ এমন একটি সম্মানিত পরিবারের সদস্য, যে পরিবার জামাতে দেওবন্দের মধ্যে সব সময় মর্যাদার অধিকারী। তাঁর পরিবারের প্রতি আমাদের বিশেষ ভালোবাসা ও সম্মান রয়েছে।

তিনি বলেন, দারুল উলুম দেওবন্দ নিজেদের ঘনিষ্ঠজনদের ভুলের ক্ষেত্রেও দায়িত্বশীলতার পরিচয় দেয়। কোনো ব্যক্তি নিজের পরিবারের বা ঘনিষ্ঠজনের হওয়ায় তাঁর ভুলের বিষয়ে নীরব থাকা প্রতিষ্ঠানের নীতি নয়।

তাবলিগি জামাতের কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘদিনের আপত্তির প্রসঙ্গ তুলে মাওলানা সালমান বজুনুরি বলেন, হজরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহ.-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতির শ্রেণিবিন্যাস নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ও আপত্তি ছিল। এসব আপত্তির জবাবে বিভিন্ন সময়ে আলেমরা রিসালা ও কিতাব লিখেছেন। শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া রহ. এ বিষয়ে পৃথক রিসালাও রচনা করেছেন।

তিনি আরও বলেন, তাবলিগি জামাতের সংশোধনের বিষয়ে অতীতেও বিশিষ্ট আলেমরা ভূমিকা রেখেছেন। মাওলানা মানজুর নোমানি রহ. ও মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি রহ.-এর মতো ব্যক্তিত্বও বিভিন্ন সময়ে তাবলিগি কাজের সংশোধনের চেষ্টা করেছেন। ১৯৫৩ সালের আল-ফুরকান পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

তবে মাওলানা সাদের কিছু বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও গুরুতর হয়েছে বলে মন্তব্য করেন এই মুহাদ্দিস। তাঁর ভাষায়, এসব বক্তব্যের কিছু অংশ সাধারণ ভুলের পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরদের কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং কিছু ক্ষেত্রে আকিদাসংশ্লিষ্ট বিষয়েও আপত্তির অবকাশ তৈরি করেছে। এসব বক্তব্যের গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে মাওলানা সালমান বজুনুরি বলেন, সম্প্রতি মুহতামিম সাহেব তাঁর দরসে কিছু বক্তব্য দেওয়ার পর ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়। পরে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। মুহতামিম সাহেবের বক্তব্যই দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থান বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, প্রতিষ্ঠানের অবস্থান প্রকাশের দায়িত্ব মুহতামিমেরই।

মাওলানা সাদের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভালোবাসা ও ঐক্যের কথা বলা হলেও তাতে মূল সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। বরং মাওলানা সাদের উচিত নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। তাঁর কারণে জামাতে দেওবন্দের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং অন্যরা এ পরিস্থিতি থেকে সুযোগ নেওয়ার অবকাশ পাচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে নিজেদের ইলমি অধ্যয়ন বাড়াতে হবে। কোরআন-সুন্নাহর আলোকে আকাবিরে দেওবন্দের ব্যাখ্যা ও কর্মপদ্ধতি বুঝতে হবে। আবেগ কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, বরং ইলমি দলিল ও সততার সঙ্গে বিষয়গুলো পর্যালোচনা করতে হবে।

বক্তব্যের শেষাংশে মাওলানা সালমান বজুনুরি বলেন, তাঁদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়, বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে। ব্যক্তিগত আক্রমণ বা শত্রুতা তাঁদের উদ্দেশ্য নয়। দারুল উলুম দেওবন্দের দায়িত্ব হলো দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতির সুরক্ষা করা।

এআইএল/সকালবেলা