বাতিল ডিক্রিতে বাড়ি উচ্ছেদের অভিযোগ ভুক্তভোগীর

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
বাতিল ডিক্রিতে বাড়ি উচ্ছেদের অভিযোগ ভুক্তভোগীর

আবু রায়হান, রংপুর ব্যুরো: আদালতের বাতিল ঘোষিত ডিক্রির ভিত্তিতে রংপুরের মিঠাপুকুরে দুই ভাইয়ের দুটি পাকা বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আদালতের স্থগিতাদেশ, জমির খরিদা দলিল ও আরএস রেকর্ড থাকার পরও গত ২৫ নভেম্বর দুপুরে উপজেলার ইমাদপুর গ্রামে এ বেআইনি উচ্ছেদ অভিযান চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এতে তাঁদের প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে এবং বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মোঃ আহাম্মদ আলী। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২৫ নভেম্বর উচ্ছেদ চলাকালে আদালতের বাতিল করা আদেশের অনুলিপি দেখানোর পরও রংপুর জেলা জজ আদালতের নাজির মোঃ আতিকুজ্জামান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে বাড়ি দুটি ভেঙে ফেলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত নথি ও মামলার বিবরণী অনুযায়ী, মিঠাপুকুর এলাকার ৫/৮৮ নম্বর বাটোয়ারা মামলার বাদী ছিলেন কুলসুম ও অন্যান্য। ওই মামলায় ভুক্তভোগীদের বাবা মরহুম আজগার আলী বিবাদী ছিলেন। অভিযোগ রয়েছে, আপসের আশ্বাস দিয়ে মামলা থেকে দূরে রেখে ১৯৯২ সালে একতরফা রায় ও ডিক্রি নেওয়া হয়। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে গঙ্গাচড়া সহকারী জজ আদালতে মামলা (নং ১৯৯/৯৫) দায়ের করা হলে ২০২৩ সালের ২৬ জুন আদালত পূর্বের ৫/৮৮ নম্বর মামলার রায় ও ডিক্রি সম্পূর্ণ রদ ও রহিত ঘোষণা করেন।

ভুক্তভোগীদের দাবি, আগের ডিক্রি আইনিভাবে বাতিল হওয়ার পরও সেটিকে ভিত্তি করে এবং মূল বাটোয়ারা মামলায় উচ্ছেদের কোনো আদেশ না থাকা সত্ত্বেও বেআইনিভাবে এই ভাঙচুর চালানো হয়েছে। উচ্ছেদকালে জেলা জজ আদালতের নাজিরকে আদেশের অনুলিপি দেখানো হলেও তিনি তা দেখতে অস্বীকৃতি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভুক্তভোগী পরিবারটির বড় ভাই মোঃ আকবর আলী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ও আহাম্মদ আলী দীর্ঘদিনের কুয়েত প্রবাসী। দুই ভাই প্রবাসজীবনের উপার্জন, পেনশন ও জীবনের সঞ্চয় দিয়ে ২০০৯ ও ২০১২ সালে নিজ জমিতে পাকা বাড়ি নির্মাণ করেছিলেন। বাড়ি ভেঙে দেওয়ার পর প্রতিপক্ষের লোকজন জমিতে গিয়ে উঠতি ফসল ও গাছপালা কেটে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা উচ্ছেদের নামে ঘরবাড়ি ভাঙার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; ধ্বংসপ্রাপ্ত দুটি বাড়ির বিপরীতে আনুমানিক এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা; এবং প্রতিপক্ষের হামলা, ফসল কেটে নেওয়া ও জমি দখলের চেষ্টা বন্ধে কার্যকর পুলিশি নিরাপত্তা প্রদান করার দাবি জানিয়েছেন।

এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়ে ভুক্তভোগীরা জানান, আইনি প্রতিকার না পেলে বিচার পেতে উচ্চ আদালতে রিট ও আদালত অবমাননার মামলা দায়ের করবেন তাঁরা।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য লিয়াকত আলী, নাসিমা বেগম, আব্দুল মালেক, মিফতাহুল জান্নাত মিমি ও মোঃ সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা