নিকলীতে কলেজ অধ্যক্ষ দীপকের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ
শফিকুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় এক সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস।
শুক্রবার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল কলেজের শিক্ষক-কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে অভ্যন্তরীণ সমস্যা ও অনিয়ম বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় দৈনিক কিশোরগঞ্জ ও দৈনিক আমাদের সময়ের নিকলী প্রতিনিধি কলেজের সাত শতাধিক ছাত্রীর জন্য কমনরুমের ব্যবস্থা এবং আপৎকালীন সহায়তার জন্য নারী কর্মচারী নিয়োগের বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস ওই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি দেখে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, নেতৃবৃন্দ ও শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য অধ্যক্ষকে নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলেজ সূত্রে জানা যায়, ২০২০ সালে তৎকালীন অধ্যক্ষ মাহমুদা পারভীনের মৃত্যুর পর দীপক কুমার বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কলেজের প্রভাষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছেন এবং তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করলে শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হয়। কলেজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আর্থিক কার্যক্রম মেয়াদোত্তীর্ণ অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে পরিচালনারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের সাত শতাধিক ছাত্রীর জন্য কোনো কমনরুম বা খেলার সরঞ্জামের ব্যবস্থা করা হয়নি। অথচ নতুন একটি ভবনে নিজের বাসস্থানের জন্য দুই লক্ষাধিক টাকা ব্যয় করে পরবর্তীতে সেখানে ছাত্রীদের কমনরুমের সাইনবোর্ড ঝুলিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সময় একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে যোগদান করলেও কয়েক মাস আগে তিনি বদলি হয়ে যান। এরপর পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়ে দীপক কুমার বিশ্বাস আগের মতোই স্বেচ্ছাচারীভাবে কলেজ পরিচালনা শুরু করেন বলে অভিযোগ উঠেছে। এমনকি গত ৭ নভেম্বর মাত্র নয়জন শিক্ষক ও সাতজন শিক্ষার্থী নিয়ে আলোচনা সভা আয়োজনের খবর গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের নজরে আসে।
সংশ্লিষ্টদের অভিযোগ, কলেজের অনিয়ম আড়াল করতেই আগে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকা ছয়তলা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। এ ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভাসহ সরকারি গুরুত্বপূর্ণ সভায় নিজে উপস্থিত না থেকে পছন্দের প্রভাষকদের প্রতিনিধি হিসেবে পাঠান বলেও অভিযোগ রয়েছে।
এআইএল/সকালবেলা