কালিহাতীতে অবৈধ বালু ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা ও নিউ ধলেশ্বরী নদীকেন্দ্রিক অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, কারাদণ্ড ও অর্থদণ্ডের কারণে চাপে পড়েছে দীর্ঘদিন ধরে সক্রিয় বালু ব্যবসায়ী চক্র। তবে প্রশাসনের এই তৎপরতার মধ্যেই উপজেলা প্রশাসনে রদবদল ঘটাতে অর্থ বিনিয়োগের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। একই সঙ্গে নতুন করে অবৈধ বালু ব্যবসা সম্প্রসারণের তৎপরতার অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতীর বেতয়া, কুরশাবেনু, বেওয়ার মারুয়া, গোবিন্দপুর, মীরহামজানি, জোকারচর, থানাঘাট, কামাক্ষার মোড়, হাকিমপুর, ধলাটেংগর, ভাবলা, কুড়নিয়া, এলেঙ্গা সেতুর উত্তর, দক্ষিণ ও পশ্চিম নদীপাড়, বেলবাসালিয়া, পৌলী (রেলওয়ে সেতুর পূর্ব ও পশ্চিম) এবং মহেলা ঘাটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় একাধিক প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, এসব নেটওয়ার্কের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা, অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক পরিচয় ব্যবহারকারী কয়েকজন ব্যক্তির যোগসাজশ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, ৫ আগস্টের পর পুরোনো বালু ব্যবসার নিয়ন্ত্রণে পরিবর্তন আসে। নতুন একটি গোষ্ঠী অবৈধ বালু ব্যবসায় সক্রিয় হয়ে ওঠে। টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে কালিহাতী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতিসহ কয়েকজন নেতার নিয়ন্ত্রণে কিছুদিন এসব ব্যবসা পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করলে অবৈধ বালু ব্যবসায় কিছুটা ভাটা পড়ে। জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কৌশল পরিবর্তন করে সীমিত পরিসরে ব্যবসা চালানোর অভিযোগও রয়েছে। নির্বাচন শেষে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করে সংশ্লিষ্ট চক্র।
স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে অবৈধ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। ভূতাপুর থেকে ব্ল্যাকহেডে মোটা বালু এনে অবৈধ ঘাটে মজুত করা এবং রাতের আঁধারে বাংলা ড্রেজার দিয়ে নদী থেকে ভিট বালু উত্তোলনের অভিযোগও উঠেছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে সাম্প্রতিক সময়ে ৪৭টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড এবং মোট ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ধারাবাহিক অভিযানের কারণে অবৈধ বালু ও মাটির ব্যবসায় জড়িত ব্যক্তিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি।
নাম প্রকাশ না করার শর্তে বালু ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেন, “বালু-মাটির ব্যবসা বন্ধ হলে এলাকার উন্নয়ন ব্যাহত হয়। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের নামে আমাদের ওপর জুলুম করছে। আমাদের কর্মীদের কারাদণ্ড, বেকু ভাঙচুর ও বিপুল পরিমাণ অর্থদণ্ড দিয়ে অতিষ্ঠ করে তুলেছে। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। ব্যবসা রক্ষায় প্রশাসনিক রদবদলের জন্য আমরা অর্থ বিনিয়োগ করতে বাধ্য হয়েছি। খুব শিগগিরই কালিহাতী উপজেলা প্রশাসনে পরিবর্তন আসবে। তখন আমরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারব।”
ওই ব্যক্তির বক্তব্যে প্রশাসনিক রদবদল ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। তবে অর্থের পরিমাণ, উৎস, লেনদেনের মাধ্যম কিংবা এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরেকটি সূত্রের দাবি, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার মধ্যস্থতায় গোহালিয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ, মল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, বিএনপি নেতা আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান মোহর আলী, সোলায়মান আকন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান শামীম প্রামাণিক, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা শফি খান, ব্যাংক কর্মকর্তা সুমন, যুবদল নেতা আমিনুল ইসলাম, বাবু, ব্যবসায়ী আসিমুদ্দিন, যুবদল নেতা ইমরান তালুকদার ও হাসমত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে বালু-মাটির ব্যবসায় অর্থ বিনিয়োগ ও ব্যবসা নির্বিঘ্ন রাখার তৎপরতার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক ও পারিবারিক যোগাযোগ নিয়েও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
এদিকে একটি সূত্রের দাবি, কালিহাতীর ধলাটেংগর এলাকায় প্রশাসনের অভিযান উপেক্ষা করে একটি চক্র বাংলা ড্রেজার বসিয়ে আট ইঞ্চি পাইপের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের প্রস্তুতি নিয়েছে। বিষয়টি সত্য হলে তা নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা, নদী তীরবর্তী বসতি ও পরিবেশের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কালিহাতীতে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে একটি সুবিধাবাদী শ্রেণি গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, কেউ কেউ রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করে অবৈধ ব্যবসা পরিচালনা করেন। পরে সেই ব্যবসার অর্থ ও প্রভাব কাজে লাগিয়ে রাজনৈতিক পরিচিতি তৈরির চেষ্টাও করেন। স্থানীয় পর্যায়ে এমন ব্যক্তিদের নিয়ে “বালু ব্যবসায়ী থেকে বালু নেতা” এ ধরনের আলোচনা রয়েছে।
প্রশ্ন উঠেছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান কতটা বজায় থাকবে? কথিত অর্থ বিনিয়োগের মাধ্যমে প্রশাসনিক রদবদলের চেষ্টা সত্যিই হয়েছে কি না, তা-ও অনুসন্ধানের দাবি রাখে। নদী ও নদী তীর রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি প্রশাসনিক রদবদলে অর্থ লেনদেনের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কালিহাতীর নদ-নদী ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের চলমান অভিযান কতটা কার্যকর থাকে, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
অবৈধ বালু ও মাটির ব্যবসা বন্ধে প্রশাসনের অবস্থান জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “উপজেলা প্রশাসন রাষ্ট্রের পক্ষে জনস্বার্থে দায়িত্ব পালন করে। সেই দায়িত্ব পালনে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। এতে কখনো কখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরাগভাজন হতে হয়। বর্তমানে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার রাষ্ট্রক্ষমতায়। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তাঁদের কর্মী ও এলাকার জনগণের প্রত্যাশা অনেক বেশি থাকে। তারপরও কালিহাতীর সংসদ সদস্য সব সময় উপজেলা প্রশাসনকে সহযোগিতা দিয়ে আসছেন।”
তিনি জানান, সাম্প্রতিক সময়ে কালিহাতী উপজেলা প্রশাসন মোট ২৩৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ১৫৬ জনকে কারাদণ্ড এবং ৩০ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ৪৭টি মামলায় ১৬ জনকে কারাদণ্ড এবং ২৪ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ১৩৬টি মামলায় ১৩৬ জনকে কারাদণ্ড ও ১০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা