একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ণ
একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলাকে ইঙ্গিত করে সেখানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি আরও বলেন, একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল।

আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে জামায়াত আমির এসব মন্তব্য করেন।

জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে সেই সরকার দুর্বল ও স্বল্পস্থায়ী হবে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, এতে দেশের কোনো লাভ হবে না; বরং এর সুযোগ নেবে পতিত ফ্যাসিবাদী শক্তি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সৃষ্ট সমস্যার সমাধান সরকারকেই খুঁজে বের করতে হবে এবং জনগণের গণরায় কার্যকর করতে হবে। তা হলে ২০২৪ সালের মতো সবার মধ্যে যে ঐক্য ছিল, নতুন করে ঐক্যের প্রক্রিয়া শুরু করার প্রয়োজন পড়বে না; এর মাধ্যমেই স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্য গড়ে উঠবে।

বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, সরকার জুলাইয়ের অঙ্গীকার এড়িয়ে সংবিধান সংস্কারের বদলে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। যেকোনো মূল্যে নিজেদের নীতি ও অবস্থান থেকে সরে না আসার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ঐক্যের আহ্বানের বিষয়ে শফিকুর রহমান বলেন, আলোচনায় বসলে তা হবে জনগণের দাবি আদায়ের প্রশ্নে, কোনো দলীয় স্বার্থ বা দাবিতে নয়।

জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় গঠনের পথ রুদ্ধ করেছে, যা জাতির সঙ্গে প্রতারণার সমান। তাঁর ভাষ্যমতে, সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আনা হয়, তাতে আদালত হস্তক্ষেপ করতে পারে না; কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করলে সে বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকে।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, নারী, শিশু ও মা-বোনেরা আজ নিরাপদ নন। দেশজুড়ে মাদকের দৌরাত্ম্য বেড়েছে; এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ও ফটকে মাদক কেনাবেচা চলছে। পাশাপাশি অবৈধ অস্ত্রের দাপটে সারা দেশ অস্থিতিশীল হয়ে উঠেছে।

তৈরি পোশাক খাতের অস্থিরতা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, পোশাক শিল্পকে ঘিরে গভীর চক্রান্ত চলছে। জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের বাঁচালে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ রক্ষা পাবে। এ সংকটের স্থায়ী সমাধানে সরকার ও শিল্প মালিকদের যৌথভাবে উদ্যোগ নিতে হবে।

পোশাক খাতকে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা চলছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, পরিতাপের বিষয় হলো প্রতিবেশী দেশের গণমাধ্যমে এ খাত নিয়ে নেতিবাচক ও বিদ্বেষপূর্ণ প্রচার চালানো হচ্ছে, যেখানে এই শিল্প টিকবে না বলেও মন্তব্য করা হচ্ছে। এ পরিস্থিতিতে পোশাক খাত ধ্বংসের ষড়যন্ত্রে বাইরের কোনো শক্তির সংশ্লিষ্টতা আছে কি না—এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

এআইএল/সকালবেলা