ডিসেম্বরেই চালু হচ্ছে কেরানীগঞ্জ বাস টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট নিরসনে ঢাকার প্রবেশমুখ ও আশপাশের এলাকায় তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে কেরানীগঞ্জে নির্মাণাধীন ‘ঝিলমিল আন্তঃজেলা বাস টার্মিনাল’ আগামী ডিসেম্বর মাসেই উদ্বোধন করা হবে। বর্তমানে প্রকল্পটির নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পের চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম যৌথভাবে প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজধানীর অভ্যন্তরে দূরপাল্লার বাসের চাপ কমাতে ঢাকার প্রবেশদ্বারগুলোতে আধুনিক মানের টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এর আওতায় কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ৬ নম্বর সেক্টরে সব ধরনের আধুনিক সুবিধাসম্বলিত এই বাস টার্মিনালটি গড়ে তোলা হচ্ছে। এটি চালু হলে রাজধানীতে দূরপাল্লার বাসের কারণে সৃষ্ট তীব্র যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনের শুরুতে সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান প্রকল্পের ভেতরে সরকারি কর্মচারী মেডিকেল কলেজের জন্য নির্ধারিত ব্লকের ক্যাম্পাস এলাকা ঘুরে দেখেন। এরপর তাঁরা নির্মাণাধীন বাস টার্মিনাল এবং প্রকল্পের ২ নম্বর সেক্টরে অবস্থিত ‘রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ’-এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
রাজউক সূত্রে জানা গেছে, ওই এলাকায় শিক্ষার সুযোগ বাড়াতে প্রায় ২ দশমিক ৭৩ একর জমির ওপর ছয়তলাবিশিষ্ট ‘রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ’ নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও অনুমোদন সাপেক্ষে ‘রাজউক উত্তরা মডেল কলেজ’-এর আদলে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শন শেষে সিনিয়র সচিব ও রাজউক চেয়ারম্যান চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শতভাগ শেষ করতে তাঁরা সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহিনুর আলম, সদস্য (উন্নয়ন) মো. এরাদুল হক, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর রহমান, প্রকল্প পরিচালক মো. হাফিজুল ইসলাম এবং উপপ্রকল্প পরিচালক তানজিনা আফরিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা