পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
জাতীয় এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক: দেশের সড়ক যোগাযোগব্যবস্থায় গতি আনা, যানজট কমানো এবং পণ্য ও যাত্রী পরিবহন সহজ করতে আগামী পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রণীত ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনার অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনায় অগ্রাধিকার পেয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৩২ কিলোমিটার, রামপুরা-ডেমরা ১৩ কিলোমিটার, জয়দেবপুর-ময়মনসিংহ ৮৫ কিলোমিটার, গাবতলী-নবীনগর ২৪ কিলোমিটার এবং রংপুর-ভোগড়া ২৬০ কিলোমিটার সড়কপথ। এ ছাড়া সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যানবাহনের চাপ, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করা হবে। পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে।

তিনি বলেন, এতে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সড়ক যোগাযোগও শক্তিশালী হবে। প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করা হবে। যানবাহনের চাপ, শিল্পাঞ্চলের অবস্থান, পণ্য পরিবহনের চাহিদা ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

গ্রামীণ সড়ক ও নতুন সেতু নির্মাণ

জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিডের পাশাপাশি দেশের সব গ্রামীণ সড়ক পর্যায়ক্রমে পাকা করার পরিকল্পনাও রয়েছে সরকারের। প্রথম ছয় মাসে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে দুর্বল যোগাযোগ রয়েছে—এমন এলাকাগুলো চিহ্নিত করা হবে। কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কে পাকাকরণ কার্যক্রম শুরু এবং পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

অন্যদিকে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু ও দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগের পরিকল্পনা রয়েছে; এক বছরের মধ্যে এসব প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে উদ্যোগ

মহাসড়কের স্থায়িত্ব বাড়ানো ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমাতে ভারী যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণেও উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন, এক বছরের মধ্যে সারা দেশে নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ যথেষ্ট নয়। কোথায় নতুন সড়ক, কোথায় মহাসড়ক সম্প্রসারণ এবং কোথায় সংযোগ সড়ক প্রয়োজন, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ অর্থায়ন ও জমি অধিগ্রহণ

পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে সংশ্লিষ্ট সড়কে যানবাহনের চাপ এবং আগামী ২০ থেকে ৩০ বছরের পরিবহন চাহিদা বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না; সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সংযোগ সড়ক ও নিরাপদ প্রবেশ-বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কর্মপরিকল্পনায় এসব উদ্যোগকে ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়েছে। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনেও উন্নত সড়ক যোগাযোগকে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থায়ন, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।