চরমোনাই মাহফিলের অগ্রহায়ণ পর্ব শুরু আগামীকাল
সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: দেশের তাসাউফ চর্চার ঐতিহ্যবাহী কেন্দ্র বরিশালের চরমোনাই দরবারের বার্ষিক মাহফিলের অগ্রহায়ণ পর্ব আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।
শুক্রবার জুমার নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিলের কার্যক্রম শুরু হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিগত এক শতাব্দী ধরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহছানাবাদ রশিদিয়া চরমোনাই মাদ্রাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। সাড়ে তিন দিনের এ আয়োজনে মোট সাতটি মূল বয়ানসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।
এর মধ্যে উদ্বোধনী ও আখেরি মোনাজাতপূর্ব বয়ানসহ মোট চারটি মূল বয়ান দেবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি তিনটি মূল বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মাহফিল সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগত মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং পর্যাপ্ত অজু ও শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। মাহফিল ময়দানে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল সার্বক্ষণিক অবস্থান করবে এবং যানবাহন পার্কিংয়ের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত জায়গা।
এআইএল/সকালবেলা