ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটুকু বেড়েছে, সে প্রশ্নও সামনে এসেছে; ফ্যাসিবাদের সময়ে অন্য সবকিছুর সঙ্গে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল।
আজ শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাই হচ্ছেন মূল কারিগর। ফ্যাসিবাদমুক্ত দেশে শিক্ষাকে আধুনিক করতে সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে; তবে সামনের দিকে এর নেতৃত্ব দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের। এ সময় শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।