পটুয়াখালীতে সাবেক জিপি ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং জেলা জজ কোর্টের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী এবং এসআই সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা পুলিশ পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। গ্রেপ্তার অ্যাডভোকেট শাহাবুদ্দিনের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রগুলোর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, দেশে অস্থিরতা তৈরি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা হেফাজতে রয়েছেন এবং আজ শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হবে।
এআইএল/সকালবেলা