পূজায় মদপান করে মাগুরায় দুই যুবকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি: মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের মো. আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজামণ্ডপে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন আলমগীর ও বিধান। অতিরিক্ত পানের পর দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থতার বিষয়টি গোপনের চেষ্টা ও হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় তাঁদের প্রাণহানি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, অসুস্থ আলমগীরকে তাঁর সঙ্গীরা হাসপাতালে না নিয়ে সরাসরি বাড়িতে পৌঁছে দিয়ে যান। সেখানে অবস্থার মারাত্মক অবনতি হলে শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মদ্যপানের পর অসুস্থ বিধানও প্রথমে বিষয়টি পরিবারের কাছ থেকে গোপন রাখেন। বিধানের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বিষক্রিয়ায় শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে বিধান পরবর্তীতে স্বজনদের বিষয়টি জানান। এরপর শুক্রবার গভীর রাত সাড়ে ৩টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান জানান, দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মরদেহ দুটি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা