বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব: আবেগঘন বার্তা মেসির

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ণ
বার্সেলোনা এখনো আমার প্রাণের ক্লাব: আবেগঘন বার্তা মেসির

ক্রীড়া ডেস্ক:বার্সেলোনার হয়ে ফুটবল ইতিহাসের প্রায় সব বড় বড় সাফল্য অর্জন করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা কিংবা কার্লেস পুয়োলদের পাশে নিয়ে একের পর এক শিরোপা উঁচিয়ে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছিলেন তিনি। তবে ক্যাটালান ক্লাবটিতে কাটানো সেই সোনালি সময় শুধুই ট্রফি জয়ের আনন্দে সীমাবদ্ধ ছিল না বলে জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

স্প্যানিশ সংবাদ সংস্থা এফেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন মেসি। পিএসজি হয়ে বর্তমানে ইন্টার মিয়ামিতে সময় কাটানো এই তারকা বলেন, "আমাদের সবকিছু জেতার সৌভাগ্য হয়েছিল। তবে আমরা সবচেয়ে বেশি উপভোগ করতাম অনুশীলনের প্রতিদিনের সময়গুলো। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে দিনগুলো দারুণ কাটত।"

নিজের তিন সন্তানের জন্ম এই শহরে উল্লেখ করে মেসি আরও বলেন, "বার্সেলোনার সঙ্গে আমার সম্পর্ক কেবল ফুটবলেই সীমাবদ্ধ নয়। শহর ও ক্লাবের প্রতি আমার খুব গভীর ভালোবাসা রয়েছে। এটি এখনো আমার প্রাণের ক্লাব।"

ক্লাব ফুটবলে রাজত্ব করলেও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়কে ‘স্বপ্নের চেয়েও বেশি কিছু’ বলে অভিহিত করেছেন তিনি। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালের রোমাঞ্চকর গোলগুলোকে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাসিকোর গোলগুলোর পাশাপাশি ক্যারিয়ারের অন্যতম সেরা স্থান দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে গত আগস্টে প্রয়াত বাবা হোর্হে মেসির স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি। স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পাওয়ার খবর শুনে তাঁর বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বলে জানান তিনি। বাবার মূল মন্ত্র স্মরণ করে মেসি বলেন, "বাবা সব সময় বলতেন—কখনও চেষ্টা বন্ধ করবে না। বল পায়ে নাও এবং চেষ্টা করো। সফল হও কিংবা ব্যর্থ, সেখানেই আটকে যেও না, নতুন সুযোগ সব সময় আসবে।" বাবার এই মূল্যবান উপদেশই তাঁর ফুটবল সাম্রাজ্য গড়ে তোলার ভিত্তি ছিল বলে জানান ফুটবল জাদুকর।

সকালবেলা / নুসরাত