মণিরামপুরে ভ্যানচালকের একমাত্র সম্বল নিয়ে প্রতারক উধাও
আব্দুল্লাহ আল মামুন (মণিরামপুর, যশোর): যশোরের মণিরামপুরে ভাড়া নেওয়ার কথা বলে কৌশলে এক দিনমজুর ভ্যানচালকের জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শেষ সম্বল ভ্যানটি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন উপজেলার বিজয়রামপুর গ্রামের তুরফান আলীর ছেলে মো. ইকরামুল হোসেন।
ভুক্তভোগী ইকরামুলের ভাষ্যমতে, হানুয়ার বড় মসজিদের সামনে থেকে রাজগঞ্জ মোড়ে যাওয়ার কথা বলে এক অজ্ঞাত ব্যক্তি তাঁর ভ্যানটি ভাড়া নেন। পরবর্তীতে হানুয়ার বড় মসজিদ সংলগ্ন একটি গলির ভেতরে নিয়ে মালপত্র নেওয়ার কথা বলে তাঁকে একটি বাড়ির ভেতরে যেতে বলা হয়। ইকরামুল বাড়ির ভেতরে ঢোকার সুযোগে কৌশলে ভ্যানটি নিয়ে স্থান ত্যাগ করে ওই প্রতারক।
ইকরামুল আরও জানান, অভিযুক্ত ব্যক্তির মুখে মাস্ক, চোখে চশমা এবং মাথায় হেলমেট পরা ছিল। ফলে তাঁর চেহারা স্পষ্ট বোঝা সম্ভব হয়নি এবং শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
ভ্যানটিই ছিল ইকরামুলের পুরো পরিবারের জীবন-জীবিকা ও উপার্জনের একমাত্র চালিকাশক্তি। বাহনটি হারিয়ে বর্তমানে তাঁর পরিবারের আয় পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সংসারের দৈনন্দিন ভরণপোষণ কীভাবে চলবে, তা নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
এ অবস্থায় ভ্যানটি দ্রুত উদ্ধারে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, একটি ভ্যান উদ্ধার করে দেওয়া বা ফিরে পাওয়া মানে ইকরামুলের পরিবারের বেঁচে থাকার অবলম্বন ফিরে পাওয়া। তাই দ্রুত অপরাধীকে শনাক্ত ও ভ্যানটি উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
এআইএল/সকালবেলা