ব্যালন ডি’অরের অনানুষ্ঠানিক ভোটাভুটিতে কে শীর্ষে

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
ব্যালন ডি’অরের অনানুষ্ঠানিক ভোটাভুটিতে কে শীর্ষে

অনলাইন ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত ট্রফি ব্যালন ডি’অর বিজয়ের আনুষ্ঠানিক নাম ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের মাঝে জল্পনা-কল্পনা ততই তুঙ্গে উঠছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’-এর একটি প্রতিবেদনে আরব বিশ্বের প্রথম সারির ক্রীড়াভিত্তিক পোর্টাল ‘কুয়োরা’-র ১৫ জন অভিজ্ঞ সম্পাদকের ব্যক্তিগত মতামত ও অনানুষ্ঠানিক ভোটাভুটির ফল প্রকাশ করা হয়েছে। এতে সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামাল।

কুয়োরার আয়োজিত এই ভোটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫ জন সম্পাদকের প্রত্যেকেই নিজের পছন্দ অনুযায়ী তিনজন খেলোয়াড়কে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভোট দিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের জন্য ১০ পয়েন্ট করে নির্ধারিত ছিল।

সকল হিসাব-নিকাশ শেষে দেখা গেছে, সর্বমোট ১৯৫ পয়েন্ট সংগ্রহ করে তালিকার ১ নম্বরে অবস্থান করছেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ইয়ামালের এই বিশাল ব্যবধানে এগিয়ে থাকার মূল কারণ ছিল প্রথম স্থানের সমর্থন। ১৫ জন সম্পাদকের মধ্যে ৭ জনই তাকে নিজেদের এক নম্বর পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন।

বায়ার্ন মিউনিখের ইংলিশ গোলমেশিন হ্যারি কেইন মোট ১৬২ পয়েন্ট সংগ্রহ করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানের ভোটে কেইন সবচেয়ে বেশি ভোট পেলেও ইয়ামালের সাথে পয়েন্টের ব্যবধান কমাতে তা যথেষ্ট হয়নি। অপরদিকে, ১১৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

বিশ্ব ফুটবলের রেকর্ড ৮ বার ব্যালন ডি’অর বিজয়ী ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই অনানুষ্ঠানিক তালিকায় ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়া ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পিএসজির খভিচা কাভারাৎসখেলিয়া এবং ১৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।

তবে গোল ডটকম স্পষ্ট করে জানিয়েছে, এই ভোটাভুটি ফ্রান্স ফুটবলের অফিসিয়াল ব্যালন ডি’অর প্রদান প্রক্রিয়ার কোনো অংশ নয়; বরং এটি সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর একটি আগাম ব্যক্তিগত অনুমানের প্রতিফলনমাত্র। ফলে এই অনানুষ্ঠানিক ভোটে ইয়ামাল এগিয়ে থাকলেও চূড়ান্ত অনুষ্ঠানে বিশ্বসেরার ট্রফি কার হাতে উঠবে, তা জানার জন্য ফুটবলবিশ্বকে মূল আয়োজনের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

সকালবেলা / নুসরাত