কালীগঞ্জে আসামি ধরে ফেরার পথে প্রাণ গেল পুলিশসহ দুইজনের
পঙ্কজ সরকার নয়ন (কালীগঞ্জ, গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা ও এক কনস্টেবল গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (রফিক মোল্লা, ৪৮)। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। নিহত পুলিশ কর্মকর্তা হলেন এসআই মো. মিজানুর রহমান।
এ ছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন—এসআই জাবেদ ওমর এবং গাড়িচালক কনস্টেবল মো. রাব্বি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাত ৩টার দিকে স্থানীয় মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। তাঁকে আটক করে থানায় ফেরার পথে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছায় দলটি। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা। ঠিক সে সময় হঠাৎ বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে চাপা দেয়।
আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা রফিকুল ইসলাম মারা যান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। বর্তমানে আহত বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার সুযোগে মাদক কারবারি ওহিদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। ঘাতক গাড়ি ও চালককে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা