বদলে যাচ্ছে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
বদলে যাচ্ছে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র

জলিলুর রহমান জনি (স্টাফ রিপোর্টার): ক্লান্তিহীন পরিশ্রম, প্রশাসনিক দৃঢ়তা ও সেবামূলক মানসিকতার সমন্বয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক চিকিৎসাসেবায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন এসেছে। হাসপাতালটির চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল।

স্থানীয় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডা. মোঃ রাসেল দায়িত্ব গ্রহণের পর থেকেই চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত ও পরিবেশগত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। নিয়মিত তদারকি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি বহির্বিভাগ (OPD) ও জরুরি বিভাগে রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, জরুরি ওষুধ সরবরাহ নিয়মিতকরণ এবং প্যাথলজি ল্যাব ও এক্স-রে সেবা সচল রাখতে জোর তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় স্বাস্থ্য কর্মসূচি—যেমন টিকাদান, মাতৃস্বাস্থ্য, পুষ্টি কার্যক্রম ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে কার্যক্রম আরও বেগবান করা হয়েছে।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, আগে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নানা হয়রানির মুখে পড়তে হতো। তবে বর্তমানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতায় সহজে সেবা পাওয়া যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল জানান, "প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। সর্বস্তরের মানুষকে নিরবচ্ছিন্ন সেবা দিতে আমাদের পুরো টিম কাজ করছে। কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

এআইএল/সকালবেলা