কিশোরগঞ্জ মেডিকেলে চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
নিহত শিশু সাফওয়ান কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া গাছবাজার এলাকার মাছ ব্যবসায়ী মোহাম্মদ মিঠুন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত সাফওয়ানকে গত ৩০ জুলাই রাত দেড়টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে শিশুটির তীব্র শ্বাসকষ্ট শুরু হলে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের বারবার আকুতি জানালেও সময়মতো সাড়া পাওয়া যায়নি।
শিশুটির মা শারমিন আক্তারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত অক্সিজেন দেওয়ার জন্য দায়িত্বে থাকা নার্স শামিমা আক্তারকে অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। পরবর্তীতে চিকিৎসক ডা. পাপিয়া আক্তার, ডা. তাইবি এবং নার্স শামিমা চিকিৎসা শুরু করে একটি ইনজেকশন প্রয়োগ করার পরপরই শিশুটির কাঁপুনি ওঠে এবং মুখ নীলচে হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, সঠিক সময়ে অক্সিজেন না দেওয়া এবং ভুল চিকিৎসার কারণেই শিশুটির অকালমৃত্যু ঘটেছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অবহেলা বা চিকিৎসাজনিত কোনো গাফিলতির সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা