সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ প্রবাসীর পরিচয় প্রকাশ
সিলেট প্রতিনিধি: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি প্রবাসীর পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে সিলেটের কানাইঘাটের দুজন, সুনামগঞ্জ সদরের একজন এবং কুমিল্লার বড়ুড়া উপজেলার একজন বাসিন্দা রয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-হাওয়িয়াহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—সিলেটের কানাইঘাটের করিম উদ্দিন ও খালিদ মিয়া, সুনামগঞ্জের আমিন মিয়া এবং কুমিল্লার শাহ আলম। স্বজনরা জানান, দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। লাশগুলো বর্তমানে আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তারা নিহতদের লাশ দ্রুত দেশে আনা এবং পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এআইএল/সকালবেলা