শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছেন হাসিনা: বরকত উল্লাহ বুলু

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছেন হাসিনা: বরকত উল্লাহ বুলু

বিশেষ প্রতিনিধি, নোয়াখালী: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে গেছেন বলে তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাত্রাতিরিক্ত দলীয়করণ ও বিভিন্ন অনিয়মের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাতির অগ্রগতির জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন