কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিল উত্থাপনের আহ্বান
বিশেষ প্রতিবেদক: কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে জাতীয় সংসদে জরুরি বিল উত্থাপনের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
একই দাবিতে আগামী ২ অক্টোবর শুক্রবার বাদ জুমা পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে 'খতমে নবুওয়ত মহাসম্মেলন' আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসা মিলনায়তনে সাব-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
বৈঠকে ২ অক্টোবরের মহাসম্মেলন সফল করতে সারাদেশে বিশেষ পুস্তিকা ও লিফলেট বিতরণের পাশাপাশি ১৬ ও ১৭ অক্টোবর তেজগাঁওয়ে ইসলামী মহাসম্মেলনে বিশেষ আলোচনার সিদ্ধান্ত হয়। এছাড়া ঢাকা মহানগরীর জোন কমিটিগুলো পুনর্গঠনে ৫ সদস্যের সাব-কমিটি গঠন করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ শীর্ষ নেতারা।
এআইএল/সকালবেলা