১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১৪ বছর বয়সী তানজিলা আক্তার। সে পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুরের জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসার শিক্ষার্থী।
এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসার পক্ষ থেকে তানজিলাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সে নিজামপুর গ্রামের অটোচালক হাফেজ মো. সালাউদ্দিন হাওলাদারের মেয়ে। তানজিলা জানায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও কঠোর পরিশ্রমের ফলেই সে এই সাফল্য অর্জন করতে পেরেছে।
উল্লেখ্য, গত মে মাসে একই মাদরাসার বালক শাখার শিক্ষার্থী মেজবাহ উদ্দিন মুয়াজ মাত্র ৮ মাসে কোরআন হিফজ করার সাফল্য অর্জন করেছিল। তানজিলার হিফজ সমাপনী অনুষ্ঠানে মাদরাসার উপদেষ্টা, প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তফা সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এআইএল/সকালবেলা