কিশোরগঞ্জে হাসপাতালের দালাল ধরতে পুলিশের যৌথ অভিযান
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের তৎপরতা বন্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল, সংঘবদ্ধ একটি দালাল চক্র রোগীদের ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য করাসহ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালগুলোতে রোগীদের হয়রানি ও প্রতারণা বরদাশত করা হবে না। দালাল চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা