সৌদির বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হলেন চরমোনাই পীরের ভাতিজা
সকালবেলা অনলাইন: সৌদি আরবের দাম্মামস্থ প্রিন্স মোহাম্মাদ বিন ফাহদ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর (সহযোগী অধ্যাপক) পদে পদোন্নতি পেয়েছেন ড. হাফেজ সৈয়দ মুহাম্মাদ মাবরুক বিল্লাহ আল-মাদানী। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর বড় পুত্র। তাঁর এই অসামান্য অর্জনে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
কুরআনের হাফেজ ও বিশিষ্ট আলেম ড. হাফেজ সৈয়দ মুহাম্মাদ মাবরুক বিল্লাহ আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি নিউজিল্যান্ডের খ্যাতনামা মাসি ইউনিভার্সিটি থেকে 'ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং' বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি মালয়েশিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেছিলেন।
দীর্ঘ অধ্যবসায়, মেধা ও নিরলস গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি একাডেমিক ক্যারিয়ারে এ গুরুত্বপূর্ণ পদে উন্নীত হয়েছেন। শুভাকাঙ্ক্ষীদের মতে, বিশ্বমঞ্চে তাঁর এই আন্তর্জাতিক সাফল্য দেশের তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।
ড. সৈয়দ মাবরুক বিল্লাহ আল-মাদানীর এই অর্জনে বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং গবেষণালব্ধ জ্ঞানের বিশ্বব্যাপী প্রসারের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা ব্যক্ত করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|