শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাণবন্ত সময়

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাণবন্ত সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শত ব্যস্ততার মাঝেও শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎ করে রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রধানমন্ত্রীকে দেখে অবাক হয়ে যায় শিশুরা, কেউ হয় বিস্মিত।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর বিয়াম ল্যাবরেটরি ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর হঠাৎ করে শ্রেণিকক্ষ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় এমন দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশু শিক্ষার্থীরা ছুটে আসে হাত মেলাতে। কেউ নেয় অটোগ্রাফ। এ সময় প্রধানমন্ত্রীও সানন্দ্যে উপভোগ করেন শিশুদের সঙ্গ।

ক্লাসরুমে ঢুকেই বাচ্চাদের অনুপ্রাণিত করে প্রধানমন্ত্রী বললেন, ‘‘কেমন আছো তোমরা, কেমন চলছে পড়াশোনা? পড়াশোনার পাশাপাশি বেশি বেশি খেলাধুলাও করতে হবে। খেললে কিন্তু বুদ্ধি বাড়ে।’’ এ সময় শিশুদের কেউ কেউ বলে ওঠে, আপনি ঠিক বলেছেন। প্রধানমন্ত্রী তখন শিশুদের অনুপ্রাণিত করতে কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের এই মেলবন্ধন দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন শিক্ষকরাও। প্রধানমন্ত্রী একপর্যায়ে হাত নেড়ে শিশুদের কাছ থেকে বিদায় নেন। এ সময় শিশুরাও উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানায় তাকে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন